করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের লাশ দাফনে কবরস্থানের জন্য নিজের কেনা ১০ শতাংশ জমি দান করলেন পুলিশ কর্মকর্তা এনায়েত করিম - সমকাল
এমন মহৎ উদ্যোগ নেওয়া কর্মকর্তা হলেন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত করিম রাসেল। ৩৩তম বিসিএস কর্মকর্তা এনায়েত বর্তমানে ঢাকায় সিআইডি সদর দপ্তরে কর্মরত। কয়েক বছর আগে মানিকগঞ্জ শহরের গংগাধরপট্টি এলাকার নওখন্ডায় ওই জমি কিনেছিলেন তিনি। তার বাড়িও মানিকগঞ্জে।
পুলিশ কর্মকর্তা এনায়েত করিম গতকাল বৃহস্পতিবার সমকালকে বলেন, 'এরই মধ্যে আমার ইচ্ছার কথা মানিকগঞ্জের জেলা প্রশাসক, মেয়রসহ স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের সেখানে দাফনের অনুমতিও দিয়েছে স্থানীয় প্রশাসন।'
দেশে করোনাভাইরাস রোধে দীর্ঘদিনের বন্ধে মানুষের বন্দি থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা বাসায় বাসায় খাবার, ওষুধ পৌঁছে দিচ্ছেন। চলমান পরিস্থিতিতে পুলিশের এমন কাজের খবরের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফনের জন্য পুলিশ কর্মকর্তার জমি দানের খবর এলো।
জমি দান করা সেই পুলিশ কর্মকর্তা এনায়েত করিম সমকালকে বলছিলেন, গত বছর তিনি জমিটা কিনেছিলেন। পরে তার মনে হয়েছে জেলা শহর ও আশপাশের এলাকায় কবরস্থানের সংকট রয়েছে। তখন তিনি ১০ শতাংশ জমিতে কবরস্থান করার উদ্যোগ নেন। তার চিন্তা ছিল স্থানীয় কেউ মারা গেলে যেমন এখানে দাফন করা যাবে, তেমনি বেওয়ারিশ লাশও দাফন হবে।
No comments:
Post a Comment