সংগৃহীত ছবি
রাজধানীর প্রিমিয়ার স্কুল ঢাকার দ্বিতীয় শ্রেণির ছাত্র আকিদুল ইসলাম আয়ান। বয়স মাত্র আট বছর। শফিকুল দম্পতির ছেলে করোনা পরিস্থিতিতে অভাবীদের সাহায্যে নিজের ভল্টের জমানো টাকা তুলে দিয়েছে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমানের হাতে।
আয়ানের বাবা শফিকুল জানান, তিনি ও তার স্ত্রী তার এলাকার অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন। তা দেখে আয়ান তাদের বলে, ‘বাবা, আমি আমার ভল্টের জমানো টাকাগুলো অসহায় মানুষদের দিতে চাই। আর এগুলো পুলিশ আঙ্কেলদের মাধ্যমে দিতে চাই। কারণ পুলিশ আঙ্কেলরা মানুষের বাড়ি-বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে।’
গত দুই বছর ধরে আয়ান তার টাকার ভল্টে টাকা জমায়। ঈদের সালামি, টিফিনের টাকা, আত্মীয় স্বজনের দেওয়া উপহারের টাকা জমানো ভল্টটি নিয়ে বাবা-মার সঙ্গে মিরপুর মডেল থানায় আসে সে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, আয়ান তার প্রিয় ইলেকট্রিক ভল্ট খুলে জমানো সবগুলো টাকা আমার হাতে তুলে দেয়। ওর ইচ্ছা পূরণে খাবার কিনে ১২টি অভুক্ত পরিবারের কাছে এরই মধ্যেই পৌঁছে দিয়েছে পুলিশ।
এ ঘটনা জানতে পারেন মিরপুর জোনের ডিসি মোস্তাক আহমেদও। পুরো ঘটনা নিজের ফেসবুক ওয়ালে তুলে ধরেন তিনি। তিনি লেখেন- ‘বেঁচে থাকুক বাংলাদেশ পুলিশের প্রতি আয়ানদের এই আস্থা আর মানুষের প্রতি ভালোবাসা। এই আয়ানদের জন্যই বারবার জিতে যায় মানবতা। এমন আয়ানদের জন্যই পুলিশ ঘরে নিজের সন্তান রেখে ঝুঁকি নিয়ে কাজ করার সাহস পায়। একটু কষ্ট হলেও আয়ানদের জন্য ঘরে থাকি। আসুন,সবাই মিলে একসাথে আয়ানদের জন্য সাম্য ও ন্যায়ের ভিত্তিতে নিরাপদ এক বাংলাদেশ গড়ি।’

No comments:
Post a Comment