যান্ত্রিক দূষণ আর কোলাহলের বিশ্বে কারখানা, উড়োযান ও গাড়ির চাকার গতি থমকে
দিয়েছে চার মাস আগে আবির্ভূত হওয়া নতুন এক ভাইরাস। নিজে বাঁচতে এবং অন্যকে
বাঁচাতে মানুষও থাকছে ঘরে। এরই ফাঁকে নির্ভয়ে শহরে পা রাখছে অন্য
প্রাণীকুল; দূষণ কমে আসা বাতাসে হেলেদুলে বেড়ে উঠছে সবুজ।
-
কানাডার লেকঅন্টারিওতে এখন আর আগের মত মানুষের আনাগোনা নেই। এই অবসরে দুটো শেয়াল ছানা ডেরা ছেড়ে খেলতে খেলতে চলে এসেছে পথের ওপর। -
রোমের পিয়াৎসা নাভোনা চত্বর সব সময় পর্যটকদের পদচারণায় মুখর থাকত। কিন্তু চীনের পর ইতালিতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ভালোবাসার শহর রোমও অবরুদ্ধ হয়ে যায়। পদচারণা কমে আসতেই পিয়াৎসা নাভোনায় পাথরের ফাঁকে আপন খেয়ালে বেড়ে উঠছে গুচ্ছ গুচ্ছ ঘাস। -
ইসরাইলের দক্ষিণের শহর আশকেলনে গাড়ি রাখার এই জায়গাটি এমনিতে খালি থাকার জো নেই। কিন্তু অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ থাকায় মানুষ এখন গাড়ি নিয়ে বের হচ্ছে কম। খাঁ খাঁ পার্কিং জোনে ঘোরাফেরা করছে একটি লাল শেয়াল। -
ইসরাইলের শহর আশকেলনের এই স্কেটিং পার্কও এখন জনশূন্য। এই সুযোগে সেখানে চলে এসেছে একটি শেয়াল। কিন্তু কুকুর কি তা মানতে পারে? -
করোনাভাইরাস মহামারীর আকার নেওয়ার পর দেশে দেশ বন্ধ হয়েছে উপাসনালয়। ব্রিটেনের ওয়েলসের এই গির্জাতেও এখন মানুষের আনাগোনা নেই। গির্জার ফটকে চরতে বেরিয়েছে এক পালপাল কাশ্মিরি ছাগল। -
করোনাভাইরাসে মহামারীতে শিশুরাও ঘরবন্দি। লেবাননের খিয়ামে এই পার্কটিতে শিশুদের খেলার সরঞ্জাম পড়ে আছে খালি। অবশ্য একেবারে খালি নয়, তর তর করে বেড়ে উঠেছে ঘাস-লতাপাতা আর বুনো ঝোপ; ফুটেছে ফুলও। -
ব্রিটেনের রমফোর্ডে হ্যারল্ড হিল হাউজিং এস্টেটের সবুজ মাঠে চলে এসেছে এক পাল হরিণ। এক বৃদ্ধের হাত থেকে খাবারও খাচ্ছে তারা। -
বসন্ত আর গ্রীষ্মের ছুটির দিনে ম্যানহটন সেন্ট্রাল পার্কের শিপ মিডোতে মানুষের রোদ পোহানোর হাট বসে। লকডাউনের কারণে এখন পার্কে যেতেও মানা। সেই সুযোগে সবুজ মাঠে নেমে এসে কবুতর দিয়ে ভোজ সেরে নিল বাজটি। -
সৈকতেও এখন ভিড়ভাট্টা নেই; নেই আলো আর শব্দ দূষণ। সেই সুযোগে থাইল্যান্ডের ফাং না বিচে বহু বছর পর ডিম দিতে শুরু করেছে বিপদাপন্ন লেদারব্যাক কচ্ছপ। -
লকডাউনের মধ্যে রাতের বেলা একেবারে সুনসান ইসরায়েলের শহর আশকেলন। ফাঁকা রাস্তায় বেরিয়ে এসেছে একটি শিয়াল।
No comments:
Post a Comment